img


এক নিমিষে নিভে গেল তরতাজা প্রাণ, জুরি নদীতে মর্মান্তিক মৃত্যু যুবকের


আইনেট  প্রতিনিধিঃ    উত্তর ত্রিপুরার ধর্মনগরে জুরি নদীতে তলিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত যুবকের নাম শিবম দেবনাথ (২১)। তিনি ধর্মনগর পুর পরিষদের ২০ নম্বর ওয়ার্ডের পদ্মপুর মহাদেব রোড এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়,    মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে পাশের জুরি নদীর ধারে যান শিবম। পরিবারের সদস্যদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। নদীর পাড়ে থাকা অবস্থায় হঠাৎ তার মৃগীর খিঁচুনি শুরু হলে তিনি ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান এবং পানিতে তলিয়ে যান।ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে যুবককে নদী থেকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে দেবনাথ পরিবার। হাসপাতাল চত্বরে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশী ও এলাকাবাসীরাও শিবমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।এলাকাবাসীর মতে, মৃগী রোগে আক্রান্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজের আরও বেশি সচেতন হওয়া জরুরি। বিশেষ করে নদী, পুকুর বা অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে একা যাওয়া থেকে বিরত রাখা এবং প্রয়োজনীয় নজরদারি বাড়ানো হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হতে পারে।ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের আবহ বিরাজ করছে।