img


ছাত্রীদের মধ্যে ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে সাব্রুমে বিশেষ কর্মসূচি,


আইনেট  প্রতিনিধিঃ     ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উদযাপন এবং সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সাব্রুমের পিএম শ্রী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল বিষয় ছিল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা , ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক দীপ্তনু বিশ্বাস, সাব্রুম থানার অফিসার-ইনচার্জ অপু দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ, বিশিষ্ট ব্যক্তিত্ব চন্দন রায়চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রী।

আলোচনায় বক্তারা জানান, ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ সালের ১১ আগস্ট লোকসভায় উত্থাপিত হয় এবং ১৮৬০ সালের ব্রিটিশ আমলের ইন্ডিয়ান পেনাল কোড -এর পরিবর্তে প্রবর্তিত হয়। বর্তমান সময়ের সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদসহ আধুনিক অপরাধ মোকাবিলায় এই আইনকে আরও যুগোপযোগী করা হয়েছে। পাশাপাশি নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কঠোর বিধান এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, বিদ্যালয়ের ছাত্রীদের এই নতুন আইন সম্পর্কে সচেতন করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। তারা যদি নিজেদের আইনগত অধিকার, দায়িত্ব এবং অপরাধ প্রতিরোধে করণীয় সম্পর্কে অবগত থাকে, তবে সমাজে আইন মেনে চলার সংস্কৃতি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে অনলাইন প্রতারণা, সাইবার ক্রাইম, নারী নির্যাতন কিংবা অন্যান্য অপরাধের ক্ষেত্রে তারা নিজেদের সুরক্ষিত রাখতে এবং প্রয়োজনে আইনগত সহায়তা নিতে আরও সক্ষম হবে।