
আইনেট প্রতিনিধিঃ বৃহস্পতিবার রথযাত্রা। টানা এক বছর পর বলরাম, সুভদ্রাকে নিয়ে মাসির বাড়িতে যাবেন প্রভু জগন্নাথ দেব। এই উপলক্ষে বিভিন্ন প্রান্তের সঙ্গে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমা জুড়েও চলছে রথ যাত্রার ব্যাপক আয়োজন। জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে এখন চরম ব্যস্ত ইসকন পরিচালিত কুমারঘাটের জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। চলছে নতুন ভাবে রথ তৈরির কাজ। রথযাত্রার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তাই কাঠের রথে শেষ মুহূর্তের রং করা, সাজসজ্জা এবং বিভিন্ন আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন কারিগর ও ভক্তরা। সরকারি নির্দেশিকা মেনে প্রায় বারো ফুট উচ্চতায় নির্মিত হচ্ছে রথ। রথযাত্রার দিন মহাপ্রভুর যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এবিষয়ে কুমারঘাট জগন্নাথ মন্দিরের প্রভু উত্তম কৃষ্ণ দাস জানান, প্রতিবছরের মতো এবছরও কুমারঘাট ইসকন মন্দিরের তরফে আয়োজন করা হয়েছিল রথ যাত্রার। সেইমতো চলছে নতুনভাবে রথ তৈরির কাজ। সরকারি নির্দেশিকা মেনেই তৈরি হচ্ছে রথ। তিনি জানান বিগত এক মাস ধরে চলছে এই রথ তৈরীর কাজ। ইসকনের ভক্তদের দ্বারাই এই নতুন রথ তৈরি হচ্ছে বলে জানান তিনি। অন্যদিকে ফটিকরায়ের রাজনগর গ্রামেও ব্যক্তিগত উদ্যোগে চলছে রথ তৈরির কাজ। গ্রামের এই রথযাত্রার প্রস্তুতির সঙ্গে জড়িয়ে রয়েছে এক আবেগঘন গল্প। ২০১৬ সালে গ্রামের কিশোর বর্ণীল চক্রবর্তী খেলার ছলে তৈরি করেছিল ছোট্ট একটি রথ। সময়ের সঙ্গে সঙ্গে বড় হয়েছে সেই ছোট্ট রথ, সাথে বেড়েছে মানুষের আগ্রহ ও ভালোবাসা।