
আইনেট প্রতিনিধিঃ আগামী জাতীয় জনগণনা ২০২৭-এর প্রস্তুতির অংশ হিসেবে অনলাইনে স্ব-গণনা (Self-Enumeration) প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজের তথ্য নথিভুক্ত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।
আগামী ১ আগস্ট ২০২৬ থেকে দেশব্যাপী জাতীয় জনগণনা শুরু হবে। তার আগে ১৭ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে অনলাইন স্ব-গণনা পর্ব। এই সময়ে দেশের নাগরিকরা নির্ধারিত সরকারি ওয়েব পোর্টালে প্রবেশ করে নিজেদের এবং পরিবারের সদস্যদের তথ্য নিজেরাই নিবন্ধন করার সুযোগ পাবেন।
মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্ব-গণনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অনলাইন প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহিত করার বার্তা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সকল নাগরিককে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে স্ব-গণনা সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করলে জাতীয় জনগণনার তথ্যভাণ্ডার আরও সমৃদ্ধ ও নির্ভরযোগ্য হবে। পাশাপাশি সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, জনকল্যাণমূলক প্রকল্প প্রণয়ন এবং নীতি নির্ধারণে এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন স্ব-গণনা সম্পন্ন করে দেশের এই গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচিকে সফল করে তুলতে সকল নাগরিকের সক্রিয় সহযোগিতা একান্ত কাম্য।