
আইনেট প্রতিনিধিঃ শুক্রবার ১৭ জুলাই থেকে রাজ্যে জনগণনার প্রথম পর্যায় শুরু হয়েছে । সেলফ এনুমারেশন বা স্ব গণনার মাধ্যমে এই প্রক্রিয়া চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। জনগণনার প্রথম পর্যায়ে নির্দিষ্ট অনলাইন পোর্টালে নির্দিষ্ট একটি ফর্ম পূরণ করা হবে। এই ফর্মে মোট ৩৪ টি কলাম বা প্রশ্ন রয়েছে। এই জনগণনা প্রক্রিয়া নিয়ে শুক্রবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে পৌরহিত্য করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন কমিশনার সাজু ওয়াহিদ ,ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ আগরতলা পৌর নিগমের অধিকাংশ কর্পোরেটর। এই বৈঠকে জনগণনায় সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য নির্বাচিত জনপ্রতিনিধির প্রতি আহ্বান জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার । বৈঠকে জনগণনা সম্পর্কে নির্বাচিত জনপ্রতিনিধির কি কি করণীয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি ।মেয়র বলেন, জনগণনা বা সেন্সাস একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় ।আগামী দিনে বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে জন গননার একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।