img


কমলপুর শহরের বুকে ফের দুঃসাহসিক চুরি


আইনেট  প্রতিনিধিঃ      কমলপুর শহরের বুকে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার চোরের নিশানায় পড়েছে ধর্মীয় উপাসনালয়। কমলপুর বাজার সংলগ্ন ১ নম্বর ওয়ার্ডের  লোকনাথ মন্দিরে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের বেলায় মন্দির বন্ধ করে বাড়ি যান এক স্থানীয় ব্যক্তি। ভোরে তিনি মন্দির খুলতে এসে দেখেন, মন্দিরের মূল প্রবেশদ্বারের তালা ভাঙা, ভেতরের সমস্ত লাইট নিভে রয়েছে এবং পরিবেশ অস্বাভাবিক। সঙ্গে সঙ্গে তিনি পাড়ার মানুষদের খবর দেন। পরে কমলপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

প্রাথমিকভাবে জানা গেছে, গত প্রায় এক বছর ধরে জমে থাকা প্রণামীর বাক্সটি সম্পূর্ণ তুলে নিয়ে যায়।

ঘটনার তদন্তে পুলিশ এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কাউকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেনি।

এদিকে একই রাতে কমলপুরের ঐতিহ্যবাহী কমলেশ্বরী কালীবাড়ির কালী মন্দিরেও চুরির চেষ্টা চালায়। মন্দিরের একটি তালা ভাঙার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তারা মন্দিরে প্রবেশ করতে পারেনি বলে জানা গেছে।

একই রাতে শহরের দুই গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি ও চুরির চেষ্টার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে এলাকাজুড়ে।