img


সিইআইআর সফটওয়্যারের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল আমতলী থানা।


আইনেট  প্রতিনিধিঃ   হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে ত্রিপুরা রাজ্য পুলিশ সিইআইআর অর্থাৎ সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সফটওয়্যারের সাহায্য নিচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে  মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিচ্ছে রাজ্য পুলিশ। শনিবার আমতলী থানার ওসি পরিতোষ দাস এরকমই ১৯টি চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেন। পরিতোষ বাবু জানান, সিইআইআর সফটওয়্যারের মাধ্যমে মোবাইলের আইএমইআই নম্বর ট্র্যাক করে ফোনের অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে। এর ফলে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল দ্রুত খুঁজে বের করতে সুবিধা হচ্ছে। জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ৬২টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, সাধারণ মানুষ মোবাইল হারালে নিকটবর্তী থানায় অভিযোগ জানালে পুলিশ সিইআইআর পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই বহু মোবাইল উদ্ধার করে সেগুলি মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকদের মোবাইল ফোন হারালে দ্রুত অভিযোগ জানানোর পরামর্শ দেন তিনি।