
আইনেট প্রতিনিধিঃ সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০ তম জন্মজয়ন্তী শনিবার সারা দেশে পালিত হচ্ছে। এই উপলক্ষে বিজেপি দল সারাদেশে সম্প্রীতি সংকল্প অভিযান সংঘটিত করে। এই কর্মসূচি উপলক্ষে শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা ।এই কর্মশালায় বিজেপি কর্মকর্তাদের গুরু রবিদাস মহারাজের জীবনী সম্পর্কে অবহিত করা হয় ।এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানান, গুরু রবিদাস একজন মহান সন্ত ,কবি এবং সমাজ সংস্কারক ছিলেন ।জাত পাতের ঊর্ধ্বে উঠে তিনি কথা বলতেন এবং সব মানুষের সমতা ও ঈশ্বরের প্রতি ভক্তি শিক্ষা দিতেন। তার ৬৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কর্মসূচির অঙ্গ হিসেবে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বিজেপির এই কর্মশালায় বক্তব্য রাখেন প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা ।বক্তব্যে নেতৃবৃন্দ গুরু রবিদাসের কর্মজীবন সকলের কাছে তুলে ধরেন।