
আইনেট প্রতিনিধিঃ মন কি বাত অনুষ্ঠানে ফের ত্রিপুরা প্রসঙ্গ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজ্যের ঐতিহ্যবাহী উপজাতীয় বাদ্যযন্ত্র চোংপ্রেং এর কথা তুলে ধরেন। তিনি বলেন, ত্রিপুরার এই অনুপ্রেরণামূলক উদ্যোগ ভারতের সমৃদ্ধ লোকসঙ্গীতের ঐতিহ্যকে নতুন করে জীবন্ত করে তোলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী এও বলেন চোংপ্রেং ত্রিপুরার বিভিন্ন উপজাতীয় সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী তার বাদ্য। এই প্রসঙ্গে রাজ্যের সুরজ কুমার দেববর্মার নাম উচ্চারণ করেন প্রধানমন্ত্রী ।তিনি বলেন, সুরজ কুমার দেববর্মার নিরলস প্রচেষ্টার ফলেই এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নতুন করে পরিচিতি ও মর্যাদা লাভ করেছে। এদিকে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক ত্রিপুরা প্রসঙ্গ আলোচিত হওয়ায় বেজায় খুশি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।তিনি বলেন, বিষয়টি ত্রিপুরাবাসীর কাছে অত্যন্ত আনন্দের। মন কি বাত অনুষ্ঠানে ত্রিপুরার নাম নিলেন প্রধানমন্ত্রী ।এদিন ১৩ প্রথম মন্ডলের অন্তর্গত ৫১ নং বুথের সুকান্তপল্লী এলাকায় মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, কিছুদিন আগে তিনি সুরোজ কুমার দেববর্মার বাড়ি যান এবং এই বিশেষ বাদ্যযন্ত্রটির জন্য তাকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান ।মুখ্যমন্ত্রী বলেন, তার এই অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর যে ক্যাচ করে নেবেন তা তিনি কল্পনা করতে পারেননি।