img


বিভিন্ন দাবিতে কালাগাঙ্গের পার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষার্থীদের অবরোধ বিক্ষোভ


 আইনেট  প্রতিনিধিঃ  উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের কালাগাঙ্গের পার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষক ও পরিকাঠামোগত বিভিন্ন সমস্যার প্রতিবাদে সোমবার বিক্ষোভে সামিল হন শিক্ষার্থীরা। এদিন কাঠফাটা রোধ উপেক্ষা করে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে মূল ফটকের সামনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় ৬০০-র বেশি ছাত্রছাত্রীর জন্য বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন মাত্র ১২ জন। দীর্ঘদিন ধরে দর্শন (ফিলোসফি) বিষয়ে কোনও শিক্ষক নেই। এছাড়া বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব, প্রধান শিক্ষকের পদ শূন্য, দুইজন গ্র্যাজুয়েট টিচারের প্রয়োজন, গার্ডওয়াল, সিলিং ফ্যান, ডাইনিং রুম ও পর্যাপ্ত শৌচাগারেরও অভাব রয়েছে।
পড়ুয়াদের দাবি, শ্রেণিকক্ষের সংকটের কারণে একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস বিকল্প পদ্ধতিতে পরিচালনা করতে হচ্ছে। সপ্তাহে তিন দিন একাদশ এবং বাকি তিন দিন দ্বাদশ শ্রেণির ক্লাস হয়। সামনে পরীক্ষা থাকলেও এখনও দর্শন বিষয়ে কোনও শিক্ষক নিয়োগ করা হয়নি। পাশাপাশি কয়েক বছর ধরে বিদ্যালয়ে স্মার্ট ক্লাসও বন্ধ রয়েছে।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা শিক্ষা আধিকারিক (ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার) ফিরঞ্জন ত্রিপুরা। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে জেলা শিক্ষা আধিকারিক জানান, শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলি যথার্থ। তিনি আশ্বাস দেন, সমস্যাগুলি ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
প্রশাসনের প্রাথমিক আশ্বাসের পর প্রায় দুই ঘণ্টা ধরে চলা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। তবে বিদ্যালয়ের দীর্ঘদিনের সমস্যাগুলির স্থায়ী সমাধান কবে হবে, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।