
আইনেট প্রতিনিধিঃ প্রয়াত রাজ্যের বিশিষ্ট সাংবাদিক কাজল দত্ত। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ পরলোক গমন করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৭ বছর ।তিনি রাজ্যের ডেইলি দেশের কথা সংবাদপত্রের বার্তা সম্পাদক ছিলেন। পাচ করি দত্ত -এই ছদ্মনামে তিনি খুব সুন্দর ছড়া লিখতে পারতেন ।তার ছড়া খুবই জনপ্রিয় ছিল। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রয়াত কাজল দত্ত। এদিন তার মরদেহ আগরতলা প্রেসক্লাবে নিয়ে আসা হয় ।ক্লাবের সদস্যরা প্রয়াত কাজল দত্তকে শেষ শ্রদ্ধা জানান । শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি ,সম্পাদক সহ অন্যান্য সদস্যরা। এদিন আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার জানান, অত্যন্ত নীরবে এবং সততার সাথে কাজ করে গেছেন তিনি ।তার সততা নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে উদাহরণ হয়ে থাকবে। অকৃতদার এই প্রয়াত সাংবাদিকের আত্মার সদগতি কামনা করেন তিনি।