img


বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সুস্বাদু কিউ জাতের আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ   প্রতি বছরের মতো এবারও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সৌজন্য উপহার হিসেবে মৌসুমী ফল সুস্বাদু কিউ জাতের আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

বুধবার আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেক পোস্ট দিয়ে ১০০টি প্যাকেটে মোট ৬০০টি আনারস বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। সীমান্তে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হওয়ার পর জিরো পয়েন্টে আনুষ্ঠানিকভাবে আনারসের প্যাকেট ভারতীয় সহকারী হাই কমিশনের চট্টগ্রাম শাখার অ্যাসিস্ট্যান্ট কনসাল অফিসার পঙ্কজজ্যোতি দাসের হাতে তুলে দেন ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়। পরে সেগুলি বাংলাদেশের গাড়িতে স্থানান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ডিরেক্টর ড. ফণিভূষণ জমাতিয়া,  কনসালটেন্ট ড. রাজীব ঘোষ, শান্তনু দেববর্মা, ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিক দেবাশীষ মজুমদারসহ অন্যান্য আধিকারিকরা। বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনের চট্টগ্রাম শাখার অ্যাসিস্ট্যান্ট কনসাল অফিসার পঙ্কজজ্যোতি দাস, আধিকারিক সজীব চক্রবর্তীসহ অন্যান্যরা।

কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় জানান, সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল। তারই সৌজন্য বিনিময়ের অংশ হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আনারস পাঠানো হয়েছে। এর মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় ও মধুর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।