
আইনেট প্রতিনিধিঃ তিন দিনের রাজ্য সফরে এসেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার। বৃহস্পতিবার তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন ।সীমান্ত এলাকায় বিএসএফের সাথে নারী পাচার রোধে সচেতনতা গড়ে তোলার কাজে অংশগ্রহণ করেন ।এই দিন দুপুরে আগরতলায় রাজ্য অতিথি শালায় সাংবাদিকদের সাথে মিলিত হন তিনি। সাংবাদিক সম্মেলনে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার জানান, ত্রিপুরায় নারীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার খুব ভালো কাজ করছে। বাল্যবিবাহ মুক্ত রাজ্য গঠনের লক্ষ্যেও সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছে । বাল্যবিবাহের বিভিন্ন কুফল গুলি তুলে ধরে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন জানান, ২০৩০ সালের মধ্যে দেশ থেকে বাল্যবিবাহ মুক্ত করা হবে। এই লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগ প্রশংসনীয়। সাংবাদিক সম্মেলনের তিনি আরো জানান, বুধবার তিনি গোমতী জেলা সফরে যান। উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন তিনি। গোমতী জেলা সফর কালে উদয়পুরে মহিলা পরিচালিত পঞ্চায়েত সমিতির সদস্যাদের সাথে উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা করেছেন তিনি। পরে গোমতী জেলা প্রশাসনের সাথেও একটি বৈঠকে মিলিত হন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার।