
আইনেট প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২রা আগস্ট ২০২৬ তারিখে 'বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযান' - এর অধীনে দেশজুড়ে যুবদের উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেবেন। এ নিয়ে মাই ভারত ধোলাই জেলার যুব আধিকারিক চন্দ্র মোহন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ধলাই জেলার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে। দুসরা অগাস্ট সরাসরি প্রধানমন্ত্রী যুবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের 'মাই ভারত' - এর উদ্যোগে পরিচালিত এই দেশব্যাপী কর্মসূচির মূল উদ্দেশ্য হলো মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে যুবসমাজকে সংগঠিত করা এবং একটি সুস্থ, দায়িত্বশীল ও মাদকমুক্ত জীবনধারাকে উৎসাহিত করা। এই অভিযানটি মাননীয় প্রধানমন্ত্রীর 'নেশামুক্ত ভারত'-এর দৃষ্টিভঙ্গি এবং 'বিকশিত ভারত@২০৪৭'-এর জাতীয় আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ।
এই কর্মসূচি সম্পর্কে মাই ভারত ধলাই জেলার জেলা যুব আধিকারিক চন্দ্র মোহন জানান , এই ভার্চুয়াল সংযোগে দেশের প্রায় ১০,০০০টি স্থান যুক্ত হবে । এর মাধ্যমে এক কোটিরও বেশি যুবক-যুবতী, যার মধ্যে মাই ভারত ভলান্টিয়ার, মাই ভারত-এনএসএস ভলান্টিয়ার, যুব ক্লাব, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন এনজিও-র প্রতিনিধি, শিল্প সংস্থাগুলোর যুব শাখা এবং ১২৫টিরও বেশি অংশীদার সংগঠনের সদস্যরা একসঙ্গে যুক্ত হবেন।
অনুষ্ঠান চলাকালীন, সারাদেশের যুবসমাজ যৌথভাবে 'নেশামুক্তির শপথ' গ্রহণ করবে, যা মাদকমুক্ত থাকার এবং এই আন্দোলনে অন্যদের অনুপ্রাণিত করার প্রতিশ্রুতিকে পুনরায় দৃঢ় করবে। এই অনুষ্ঠানে 'বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযান'-এরও সূচনা করা হবে।