img


সেচের জলের অভাবে ধান-সবজি চাষে বিপর্যয়, ক্ষুব্ধ কৃষকদের পাশে বিধায়ক


আইনেট  প্রতিনিধিঃ    উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘ এক বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে একটি এলআই স্কিমের পাম্প হাউস। ফলে সেচের জলের তীব্র সংকটে পড়েছেন প্রায় ৩০০টি পরিবারের কৃষকরা। ধান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি চাষ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষকরা। বারবার স্থানীয় পঞ্চায়েত এবং জলসম্পদ দপ্তরের কাছে অভিযোগ জানিয়েও মেলেনি কোনো স্থায়ী সমাধান। শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা দ্বারস্থ হন যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের। অভিযোগ পেয়ে বিধায়ক নিজেই ঘটনাস্থলে পৌঁছে পাম্প হাউস ও সংশ্লিষ্ট অবকাঠামো পরিদর্শন করেন। পরিদর্শনের পর উঠে আসে একাধিক ত্রুটির চিত্র।অভিযোগ পেয়ে বিধায়ক নিজে ঘটনাস্থলে গিয়ে পাম্প হাউস ও সংশ্লিষ্ট অবকাঠামো পরিদর্শন করেন।পরিদর্শন শেষে বিধায়ক জানান, পাম্প হাউস সংলগ্ন জল সংরক্ষণের সুইচগেটের নিচে বড় ধরনের ছিদ্র তৈরি হওয়ায় বর্ষার সময় জল থাকলেও অন্য সময় সেখানে জল জমছে না। এই ছিদ্রের কারণে প্রয়োজনীয় জল বাইরে বেরিয়ে যাচ্ছে এবং পাম্প চালু করা সম্ভব হচ্ছে না। এছাড়াও সুইচগেট থেকে পাম্প হাউস পর্যন্ত সংযোগকারী পাইপলাইনের একাধিক স্থানে লিক রয়েছে। একই সঙ্গে কৃষিজমিতে জল পৌঁছে দেওয়ার নিষ্কাশন পাইপও ভেঙে যাওয়ায় সেচ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।তিনি বলেন, সমস্যার স্থায়ী সমাধানের জন্য ক্ষতিগ্রস্ত সুইচগেটটি পরিবর্তন করে নতুনভাবে নির্মাণ করতে হবে। পাশাপাশি লিক হওয়া পাইপলাইন এবং ভাঙা জল সরবরাহের পাইপও দ্রুত বদলানো প্রয়োজন। বিষয়টি তিনি সংশ্লিষ্ট জলসম্পদ দপ্তরের নজরে এনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন বলেও আশ্বাস দেন।