
আইনেট প্রতিনিধিঃ উত্তর ত্রিপুরা জেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার ধর্মনগরের জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে জেলা পর্যায়ের এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলার অভিভাবক মন্ত্রী তথা কারা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। উপস্থিত ছিলেন জেলাশাসক চান্দনী চন্দ্রান, বিধায়ক জহর চক্রবর্তী, ইসলাম উদ্দিন, ফিলিপ কুমার রিয়াং, শৈলেন্দ্র চন্দ্র নাথ, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, বিভিন্ন ব্লক অ্যাডভাইজরি কমিটির প্রতিনিধি সহ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। বৈঠকে গ্রামীণ অবকাঠামো, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, সামাজিক সুরক্ষা প্রকল্পসহ বিভিন্ন সরকারি পরিষেবার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের আধিকারিকরা প্রকল্প বাস্তবায়নের বর্তমান অবস্থা ও সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী সান্তনা চাকমা সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নির্দেশ দেন। পাশাপাশি নির্ধারিত সময়ে উন্নয়নমূলক কাজ শেষ করা, গুণগত মান বজায় রাখা এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।