
আইনেট প্রতিনিধিঃ অন্যান্য বছরের মতো এবারও রক্তদান শিবিরের আয়োজন করে রাজধানীর অন্যতম বনেদি ক্লাব এগিয়ে চলো সংঘ। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি, সম্পাদক সহ স্থানীয় কর্পোরেটর ও অন্যান্য অতিথিরা। এদিন এগিয়ে চলো সংঘ আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা সকলকে তিনি শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী বলেন, একটা সময়ে ক্লাব সংস্কৃতি অশুভ সংকেতের মত ছিল। এলাকা দখলের জন্য ক্লাব গুলি সব সময় সচেষ্ট থাকতো। লক্ষ্য করা যেত অস্ত্রের ঝংকার। চিন্তাধারা এবং ভাবনায় অসুস্থ লোকেরাই ক্লাব করতেন। সুস্থ সমাজের নাগরিকরা ক্লাবে যেতে পারতেন না। মুখ্যমন্ত্রী বলেন ,সময় পাল্টানোর সাথে সাথে বর্তমানে পরিস্থিতি পাল্টেছে ।এখন মহিলারাও ক্লাবে যান, সমাজ সেবায় উদযোগী হন। মুখ্যমন্ত্রী আরও বলেন ,বর্তমান সময়ের জেন জিরা কাবগুলির সেই সমস্ত সংস্কৃতি জানেনা ।ক্লাবগুলি আগে কি ছিল আর এখন কি হয়েছে সে সম্পর্কে তাদের ধারণা দিতে হবে। জনগণকে সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়েও পূর্বেকার পরিস্থিতির পুনরাবৃত্তির প্রচেষ্টা চলছে। এই সম্পর্কে সবাইকেই সতর্ক থাকতে হবে।