
আইনেট প্রতিনিধিঃ বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়ের ধর্মনগর সফরকে কেন্দ্র করে শনিবার জেলাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। উত্তর জেলা যুব মোর্চার উদ্যোগে বর্ণাঢ্য বাইক র্যালির মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়। ধর্মনগরে পৌঁছে তিনি প্রথমে কালীবাড়িতে পূজা ও প্রার্থনা করেন। এরপর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত দলীয় কর্মী সম্মেলনে যোগ দেন। সম্মেলনে সংগঠনকে আরও শক্তিশালী করতে বুথভিত্তিক কার্যক্রম, জনসংযোগ বৃদ্ধি, সাংগঠনিক সম্প্রসারণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার কৌশল নিয়ে আলোচনা হয়। অভিষেক দেবরায় কর্মীদের উদ্দেশে দলীয় আদর্শ মেনে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং সাংগঠনিক ঐক্য বজায় রেখে মানুষের কাছে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন। জেলা নেতৃত্বের দাবি, রাজ্য সভাপতির এই সফর উত্তর ত্রিপুরায় বিজেপির সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।