img


প্রায় এক কোটি টাকার নির্মাণসামগ্রী চুরির অভিযোগে উদয়পুরে


আইনেট  প্রতিনিধিঃ   উদয়পুরের বিশিষ্ট ঠিকাদার নিহার চন্দ্র দেবনাথের নির্মাণকাজের বিভিন্ন প্রকল্প থেকে প্রায় এক কোটি টাকার রড,  সিমেন্ট,   ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রী চুরির অভিযোগ উঠেছে উদয়পুর গোকুলপুর এগ্রিকালচার চৌমুহনী এলাকার বাসিন্দা বিপদ পাল এবং তার ছেলে অভিজিৎ পালের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত কয়েক বছর ধরে ঠিকাদার নিহার চন্দ্র দেবনাথের বিভিন্ন নির্মাণস্থল থেকে রাতের অন্ধকারে ধাপে ধাপে নির্মাণ  সামগ্রী চুরি হয়ে আসছিল। ফলে একাধিক প্রকল্পে কাজ করতে গিয়ে বারবার আর্থিক ক্ষতির সম্মুখীন হন তিনি।

অভিযোগকারী পক্ষের দাবি, বিপদ পাল মাঝেমধ্যে ঠিকাদার নিহার চন্দ্র দেবনাথের সঙ্গে বিভিন্ন নির্মাণস্থলে যাতায়াত করতেন। সেই সুযোগে নির্মাণস্থলের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা ও মালামালের তথ্য জেনে নিয়ে পরবর্তীতে বিভিন্ন সময়ে সেখান থেকে নির্মাণসামগ্রী সরিয়ে বিক্রি করে দিতেন।

সম্প্রতি টেপানিয়া নেশামুক্তি কেন্দ্রের নির্মাণকাজ চলাকালীনও বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী চুরি হওয়ার অভিযোগ ওঠে। এরপর নিরাপত্তার স্বার্থে নির্মাণস্থলে সিসিটিভি ক্যামেরা বসানো হয়। অভিযোগকারী পক্ষের দাবি, সেই সিসিটিভি ফুটেজে রাতের অন্ধকারে একটি বোলেরো গাড়িতে করে বিপদ পালকে বিপুল পরিমাণ রড ও অন্যান্য নির্মাণসামগ্রী নিয়ে যেতে দেখা যায়।

অভিযোগে আরও বলা হয়েছে, বিষয়টি ধরা পড়ার পর বিপদ পাল, তার ছেলে অভিজিৎ পাল এবং পরিবারের কয়েকজন সদস্য নিহার চন্দ্র দেবনাথের বাড়িতে গিয়ে ক্ষমা চান। পাশাপাশি চুরি হওয়া নির্মাণসামগ্রীর মূল্য পরিশোধের প্রতিশ্রুতিও দেন বলে অভিযোগ। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও সেই অর্থ এখনও ফেরত দেওয়া হয়নি বলে দাবি অভিযোগকারীর।