
আইনেট প্রতিনিধিঃ এসসি মোর্চার রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিজেপির প্রদেশ কার্যালয়ে সংগঠনের কার্যকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসলেন নবনিযুক্ত সভাপতি বাপি দাস।
বৈঠকে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নির্ধারণ, তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং তফসিলি জাতি (এসসি) সম্প্রদায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাপি দাস বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক এবং জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে এসসি সম্প্রদায়ের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সেই লক্ষ্য নিয়েই এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, সংগঠনকে তৃণমূল স্তরে আরও সক্রিয়, সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী দিনে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তুলে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।