
আইনেট প্রতিনিধিঃ আগামী ২১ আগস্ট থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী রাজ্যভিত্তিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। সবকিছু ঠিক থাকলে আগরতলার এনএসআরসিসি (NSRCC)-তে অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ আসর। প্রতিযোগিতার উদ্বোধন হবে ২১ আগস্ট বিকেল ৫টায়। ২৩ আগস্ট দুপুর পর্যন্ত বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা চলবে এবং সেদিন সন্ধ্যা ৬টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই রাজ্যস্তরের ক্রীড়া আয়োজনের।
এই প্রতিযোগিতাকে সামনে রেখে মঙ্গলবার আগরতলার বিবেকানন্দ ব্যায়ামাগারে ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের অধিকাংশ জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, আয়োজন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের রাজ্য সচিব নারায়ণ চন্দ্র দেবনাথ জানান, রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে আগামী ১৫ আগস্টের মধ্যে প্রতিটি জেলার জেলা-ভিত্তিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতা সম্পন্ন করতে হবে। জেলা পর্যায় থেকে নির্বাচিত খেলোয়াড়রাই রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
তিনি আরও জানান, সফলভাবে প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে ক্রীড়াবিদদের অংশগ্রহণে এবারের আসর জমজমাট হবে বলে অ্যাসোসিয়েশন আশাবাদী।