
আইনেট প্রতিনিধিঃ আগরতলার খেজুরবাগান এলাকায় আবি দেবীর বাড়িতে সংঘটিত চুরির ঘটনায় চুরি যাওয়া স্বর্ণালংকার ও রুপার নূপুর উদ্ধার করে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ।
বৃহস্পতিবার আগরতলার এনসিসি থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে থানার ওসি পরিতোষ দাস জানান, গত ৪ আগস্ট গভীর রাতে খেজুরবাগান এলাকায় আবি দেবীর বাড়িতে চোর ঢুকে একটি লকেটসহ দুটি স্বর্ণের চেইন এবং একটি রুপার নূপুর চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে এনসিসি থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার ও রুপার নূপুর উদ্ধার করা হয়েছে।
ওসি পরিতোষ দাস আরও জানান, ধৃত অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে পুলিশ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে।