
আইনেট প্রতিনিধিঃ রেশন দোকানে এলো ছত্রাকযুক্ত বিষাক্ত মসুর ডাল। ঘটনা রাজধানীর জয় নগরের ছয় নম্বর ন্যায্য মূল্যের দোকানে। এদিন খাদ্য দপ্তর থেকে সরবরাহ করা ডালের এই নমুনা দেখে একপ্রকার চমকে ওঠেন দোকান মালিক দিলীপ কুমার বনিক ।সাথে সাথে তিনি সাংবাদিকদের ডেকে আনেন এবং ডালের নমুনা দেখান। খবর পেয়ে দোকানে চলে আসেন স্থানীয় কর্পোরেটরও। ডালের নমুনা দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি। বিষয়টি তিনি মহকুমা আধিকারিক কে জানাবেন বলে জানান ।এদিন সংশ্লিষ্ট সরকারি ন্যায্যমূল্যের দোকানের ডিলার দিলীপ কুমার বনিক জানান ,দুপুরে খাদ্য দপ্তরের সংশ্লিষ্ট গোডাউন থেকে এই সামগ্রীগুলি তার রেশন দোকানে আসে। ডালের বস্তা থেকে বিশ্রী গন্ধ পাওয়া যাচ্ছিল। সকলের সামনে বস্তা খুলতেই এই অবস্থা দেখেন তিনি। তিনি আরো জানান এই ডাল মানুষ তো নয়ই পশু পাখিদেরও খাওয়ানো যাবে না। বিষয়টি সামাজিক মাধ্যমে প্রচার হতেই ভাইরাল হয়। নজরে আসে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর। সাথেসাথে তিনি খাদ্য দপ্তরের অধিকর্তার নিকট বিষয়টি জানান এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অধিকর্তা মন্ত্রীকে আশ্বস্ত করেন ,কিছুক্ষণ মধ্যেই ডালগুলি রিপ্লেস করে দেওয়া হবে ।এদিন সাংবাদিকদের খাদ্যমন্ত্রী জানান ,বর্ষাকালে এই ধরনের ঘটনা ঘটা অসম্ভব কিছু নয়। তবে ডালগুলি রিপ্লেস করে দেওয়া হবে। তিনি আরো জানান ,এই ধরনের ঘটনা যদি অন্য কোন রেশন দোকানে থেকে থাকে তবে সাথে সাথে বিষয়টি অধিকর্তার নজরে নিয়ে আসতে। সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে অধিকর্তা। এদিন ঘটনা প্রসঙ্গে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান ,খাদ্য সামগ্রী গুলি গোডাউনে থাকে ।বর্ষায় গোডাউনে এমনটা হতে পারে ।তিনি আরো জানান, খাদ্য দপ্তর রেশনের সরবরাহ করা খাদ্য সামগ্রী গুলির গুণগত মান এবং ওজন যাচাই করে থাকে। এই ক্ষেত্রে দপ্তর ওয়াকিবহাল রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে খাদ্য দপ্তরের তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণে বিভিন্ন মহল স্বস্তি প্রকাশ করেছে। মন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।