img


২০ নং ওয়ার্ডের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত, রক্তদানে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর


আইনেট  প্রতিনিধিঃ   আগরতলা পৌর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ২০ নম্বর ওয়ার্ডের কর্পুরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদাতাদের সাথে পরিচিত হন ।তাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ।রক্তজাতাদের স্বাস্থ্য সম্পর্কেও খোঁজখবর নেন তিনি। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ।তিনি বলেন, আগরতলা পৌর নিগমের ২০ নম্বর ওয়ার্ড প্রয়োজনীয় নাগরিক পরিষেবা প্রদানের পাশাপাশি সামাজিক উদ্যোগও গ্রহণ করছে। এই রক্তদান শিবির তারই অঙ্গ ।এর জন্য স্থানীয় কর্পুরেটর রত্না দত্তকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, এখন ক্লাবগুলির মত ওয়ার্ড গুলিতেও সামাজিক কর্মসূচি নিয়ে স্বাস্থ্যকর প্রতিযোগিতা শুরু হয়েছে। ওয়ার্ড গুলির উদ্যোগেও চলছে রক্তদান শিবির । এই রক্তদান শিবির গুলিতে অংশগ্রহণ করছেন মহিলারাও।তিনি আরো বলেন রক্তদাতাদের কোন ধর্ম বা পরিচয় নেই। তাদের পরিচয় রক্ত গ্রুপ ভিত্তিক। তিনি বলেন এই ধরনের অনুষ্ঠান অতীব আনন্দের। বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের প্রতিও তোপ দাগেন মুখ্যমন্ত্রী । বিরোধী দলগুলিকে মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলনই সমস্যা সমাধানের পথ নয়। আন্দোলন অবশ্যই করবেন ।কিন্তু এই আন্দোলনে স্বচ্ছতা থাকতে হবে। আন্দোলনের নামে ভুল ধারণা মানুষের মধ্যে ঢোকানো নয়। যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানে যুব সমাজকে আরো বেশি করে এগিয়ে আসতে হবে। এর চেয়ে বড় কিছু দান আর হতে পারে না।