img


শ্রাবণের চতুর্থ সোমবারে সাব্রুমে ভক্তির ঢল, জলেফা শংকর মঠে পবিত্র জল দিয়ে মহাদেবের অভিষেক


আইনেট  প্রতিনিধিঃ    শ্রাবণ মাসের চতুর্থ সোমবার উপলক্ষে ভক্তির আবেগে মুখর হয়ে উঠল দক্ষিণ ত্রিপুরার সাব্রুম। ভোরের প্রথম আলো ফুটতেই সাব্রুমের দৈত্যেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণ ভরে ওঠে ‘হর হর মহাদেব’ ও ‘বোল বাম’ ধ্বনিতে। কাঁধে কলসিভর্তি পবিত্র জল, হৃদয়ে অগাধ বিশ্বাস আর চোখেমুখে ভক্তির আবেগ নিয়ে নারী, যুবক ও যুবতীদের একদল ভক্ত পদযাত্রায় সামিল হন জলেফা শংকর মঠ আশ্রমের উদ্দেশ্যে।

প্রকৃতির স্নিগ্ধ পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে চলে এই ধর্মীয় পদযাত্রা। ভক্তদের পদক্ষেপে ফুটে ওঠে নিষ্ঠা, ত্যাগ এবং মহাদেবের প্রতি অকৃত্রিম সমর্পণের অনুভূতি। গত তিন বছর ধরে এই ধর্মীয় পদযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। ধীরে ধীরে এটি স্থানীয় মানুষের কাছে এক আবেগঘন ধর্মীয় ঐতিহ্যে পরিণত হয়েছে।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভক্তরা জলেফা শংকর মঠ আশ্রমে পৌঁছান। সেখানে প্রথমে মন্দির প্রদক্ষিণ করেন তাঁরা। এরপর কাঁধে করে নিয়ে আসা পবিত্র জল দিয়ে শিবলিঙ্গে সম্পন্ন করা হয় মহাদেবের অভিষেক।

মন্ত্রোচ্চারণ, ঘণ্টাধ্বনি ও শঙ্খনিনাদে মুখর হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ। ভক্তদের কণ্ঠে বারবার ধ্বনিত হয় ‘হর হর মহাদেব’ ও ‘বোল বাম’ ধ্বনি। পুজো ও অভিষেকের পাশাপাশি নিজের পরিবার, প্রিয়জন এবং সমগ্র মানবসমাজের সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে প্রার্থনা করেন ভক্তরা।

শ্রাবণ মাসের চতুর্থ সোমবারকে ঘিরে এই পদযাত্রা ও শিবের অভিষেককে কেন্দ্র করে সাব্রুমে তৈরি হয় এক পবিত্র ও আধ্যাত্মিক পরিবেশ। ভক্তদের বিশ্বাস, নিষ্ঠা ও ভক্তির সঙ্গে মহাদেবের আরাধনা করলে জীবনে শান্তি ও মঙ্গল নেমে আসে।