
আইনেট প্রতিনিধিঃ কমনওয়েলথ গেমস ২০২৬-এ জুডো ইভেন্টে ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতে রাজ্যে ফিরলেন ত্রিপুরার কৃতী জুডো খেলোয়াড় অস্মিতা দে। তাঁর এই ঐতিহাসিক সাফল্যে গর্বিত গোটা রাজ্য। বুধবার আগরতলা বিমানবন্দরে পৌঁছতেই ক্রীড়াপ্রেমী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
আন্তর্জাতিক মঞ্চে অস্মিতার এই সাফল্য ত্রিপুরার ক্রীড়া জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। কমনওয়েলথ গেমসের মতো বৃহৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে জুডোতে প্রথম স্বর্ণপদক অর্জন করে তিনি শুধু ভারতকেই গর্বিত করেননি, ত্রিপুরার নামও উজ্জ্বল করেছেন।
বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান ক্রীড়াপ্রেমী ও শুভানুধ্যায়ীরা। প্রিয় খেলোয়াড়কে একঝলক দেখতে এবং তাঁর ঐতিহাসিক সাফল্যের জন্য অভিনন্দন জানাতে বিমানবন্দরে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
অস্মিতার এই জয় রাজ্যের তরুণ-তরুণীদের জন্যও বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে। প্রতিকূলতা পেরিয়ে কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করা যায়—অস্মিতার সাফল্য তারই উজ্জ্বল উদাহরণ।