
আইনেট প্রতিনিধিঃ গত বছরের টিইউএনএফ উগ্রবাদীদের কথা মাথায় রেখে স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা রাজ্যের জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান রাজ্য পুলিশের আইজিআই-শৃঙ্খলা ইপ্পার মনচাক। এদিন রাজধানীর এমবিবি কলেজ চত্বরের ঘটনা নিয়েও কথা বলেন তিনি।
আইজির সাথে ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার লমিত পাঠক ,পশ্চিম জেলার ওসি সহ অন্যান্য আধিকারিকরা। এদিন পশ্চিম থানায় বসে ১৫ আগস্ট নিয়ে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের আইজি আইন-শৃঙ্খলা জানান, গত বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালেই টিইউএনএফ তথা ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট নামে একটি বৈরী গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছিল। অভিযান চালিয়ে পুলিশ এই জঙ্গিগোষ্ঠীর আট জন সদস্যকে গ্রেফতার করে। সেই সাথে গ্রেনেড সহ কিছু অসশস্ত্র উদ্ধার করে পুলিশ। এদিন আইজি আইন-শৃঙ্খলা জানান ,সেই ঘটনাকে মাথায় রেখেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাত দিন আগে থেকে চলছে বিভিন্ন স্থানে অভিযান। আগামী দুই দিন এই অভিযানের মাত্রা আরও বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।