
আইনেট প্রতিনিধিঃ শনিবার দেশের ৮০ তম স্বাধীনতা দিবস। একই দিনে দেশে পালিত হবে ঋষি অরবিন্দের জন্ম দিবসও। ৮০ তম স্বাধীনতা দিবস, ঋষি অরবিন্দের ১৫৫ তম জন্ম দিবস এবং সংগঠনের ৭২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার এডি নগরের অরবিন্দ সংঘ এক রক্তদান শিবির সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,কাউন্সিলর অলক রায় ,অরবিন্দ সংঘের সম্পাদক সুপ্রিয় ঘোষ সহ অন্যান্যরা। এই রক্তদান শিবির এবং বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রক্তদান শিবির আয়োজনের জন্য ক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ।তিনি বলেন, বর্তমান সময়ে আগরতলা সহ সারা রাজ্যে একটা পরিবেশ তৈরি হয়েছে ।ক্লাবগুলি মানবসেবার কাজে এগিয়ে আসছে। রক্তদান শ্রেষ্ঠ মানব সেবা। কারণ মানবতার উপরে আর কোন কিছুই হতে পারে না। তিনি আরো জানান, মানুষের দান করা এক ইউনিট রক্ত থেকে এখন রক্ত পৃথকীকরণের ফলে একাধিক মুমূর্ষু রোগীকে বাঁচানো যায়। স্বাধীনতা দিবস ও ঋষি অরবিন্দের জন্মবার্ষিকীর দিনকে স্মরণে রেখে অরবিন্দ সংঘের এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি আনন্দিত। মুখ্যমন্ত্রী আরও বলেন ,স্বাধীনতা দিবসের আগের দিনটি আমাদের প্রত্যেকের কাছেই বিভীষিকাময়। কারণ ব্রিটিশদের ডিভাইড এন্ড রুল এর মাধ্যমে মুসলিম এবং হিন্দু এই দুটি জাতির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠন করা হয়েছিল পাকিস্তান এবং ভারত । তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিনগুলির কথা প্রায়ই বলে থাকেন। আমাদের মধ্যে যেন এই ধরনের বিভাজন আর কোনদিন না হয় সেই দিকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।