
আইনেট প্রতিনিধিঃ ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশাত্মবোধ ও জাতীয় ঐক্যের বার্তা নিয়ে শুক্রবার কৈলাসহরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘তেরঙ্গা যাত্রা’। ঊনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হওয়া এই যাত্রায় জাতীয় পতাকা হাতে অংশ নেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সহ মহকুমার বিভিন্ন প্রান্তের মানুষ।তেরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায়, ঊনকোটি জেলার জেলা শাসক ও সমাহর্তা মেঘা জৈন (আইএএস), কৈলাসহরের মহকুমা শাসক শান্তি রঞ্জন দেববর্মা, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়-সহ প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।ঊনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হয়ে তেরঙ্গা যাত্রাটি কৈলাসহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথ পরিক্রমা করে কৈলাসহর থানা পর্যন্ত যায়। এরপর পুনরায় একইভাবে বিভিন্ন পথ পরিক্রমা করে যাত্রাটি ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণে এসে শেষ হয়। পুরো যাত্রাপথে জাতীয় পতাকা হাতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। মন্ত্রী টিংকু রায় বলেন, “তেরঙ্গা শুধু একটি পতাকা নয়, এটি আমাদের দেশের সার্বভৌমত্ব, ঐক্য, গৌরব ও আত্মত্যাগের প্রতীক। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই তেরঙ্গা যাত্রার মূল উদ্দেশ্য হলো দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের বার্তা সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া।আমাদের নতুন প্রজন্মকে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের ইতিহাস জানতে হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নিজেদের ভূমিকা পালন করতে হবে। দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলাই আমাদের সবার দায়িত্ব।”