
আইনেট প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খোয়াইয়ে পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। খোয়াই জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শনিবার খোয়াই বিমানবন্দর ময়দানে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। জাতীয় পতাকা উত্তোলনের পর বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করা হয়। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ, অতিরিক্ত জেলাশাসক অভেনানন্দ বৈদ্য, খোয়াই জেলা পুলিশ সুপার বি. জে. রেড্ডি, খোয়াই ২৫ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল বিশ্বাস সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।স্বাধীনতা দিবস উপলক্ষে বিমানবন্দর ময়দানে সকাল থেকেই উৎসবের আবহ তৈরি হয়। প্রশাসনিক আধিকারিক, বিভিন্ন দপ্তরের কর্মী, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস স্মরণ করা হয়।