
আইনেট প্রতিনিধিঃ ত্রিপুরা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে ধলাই জেলায় অনুষ্ঠিত হলো এক উচ্চপর্যায়ের জেলা পর্যালোচনা বৈঠক। ধলাই জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ধলাই জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকে তপশিলি জাতি কল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের অধীনস্থ বিভিন্ন চলমান প্রকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে সভাপতিত্ব করে মন্ত্রী সুধাংশু দাস সংশ্লিষ্ট দপ্তরগুলির কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সরকারি প্রকল্পগুলির সুবিধা যাতে প্রান্তিক স্তর পর্যন্ত সাধারণ মানুষের কাছে দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছায়, সে বিষয়ে আধিকারিকদের প্রয়োজনীয় দিকনির্দেশ দেন। বিশেষ করে প্রাণী পালন ও মৎস্য চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করার ওপর জোর দেওয়া হয়।পর্যালোচনা বৈঠক শুরুর পূর্বে মন্ত্রীর হাতে ধরে সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয় আইস বক্স এবং মাছ ধরার জাল। মন্ত্রিসহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ সুবিধাভোগীদের হাতে তাদের সামগ্রী তুলে দেয়।এই পর্যালোচনা বৈঠকে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ, জেলাশাসক বিবেক এইচ.বি. (আইএএস), জেলার সমস্ত মহকুমা শাসক, জেলার বিভিন্ন ব্লকের ব্লক আধিকারিক, জেলার উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।