
আইনেট প্রতিনিধিঃ পুরানে কথিত রয়েছে, শ্রাবণ মাস এবং সোমবার দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস ও প্রিয় দিন। আর শ্রাবণ মাসের শেষ সোমবার মানে শিব ভক্তদের কাছে বিশেষ দিন। এই দিনে শিব ভক্তরা রাত জেগে ভার কাঁধে বিভিন্ন নদী ও পবিত্র জলাশয় থেকে জল এনে মহাদেবের অভিষেক করেন । ত্রিপুরাতেও এই রীতির প্রচলন রয়েছে। রবিবার গভীর রাত থেকে শিব ভক্তরা ভোলে বাবার আরাধনায় ভার কাঁধে রাস্তায় নেমে পড়েন ।তাদের অধিকাংশের গন্তব্য স্থল ছিল চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন হাওড়া নদীর পবিত্র ঘাট। হাজার হাজার পূর্ণার্থীরা মহাদেবের অভিষেকের জন্য জল আনতে এই ঘাটে সমবেত হন। বিভিন্ন বয়সের পূর্ণার্থীদের সমাগম আর মুহু মুহু মহাদেবের ধ্বনিতে উৎসবের আবহ তৈরি হয় চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন গঙ্গা ঘাট চত্বরে। শিব ভক্তরা সেখান থেকে জল এনে রাজধানীর বিভিন্ন শিব মন্দিরের মহাদেবের অভিষেক করেন এবং বিশেষ পূজার্চনা করেন। সোমবার শিব পুজো দিতে রাজধানীর শিব মন্দির গুলিতে ভক্তবৃন্দের সমাগম ছিল চোখে পড়ার মত। রাজধানীর বটতলার শিব মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী জানান, সোমবার সারাদিনব্যাপী ভক্তবৃন্দের এই শিব আরাধনা চলবে। রবিবার গভীর রাতের ব্রহ্ম মুহূর্ত থেকে ভক্তবৃন্দের এই জল আনয়ন কর্মসূচি শুরু হয়েছে। এদিন বটতলার শিব বাড়িতে উপস্থিত ভক্তবৃন্দ জানান, স্বামী, পরিবার-পরিজন ,দেশ ও দশের মঙ্গল কামনায় প্রতি বছর তারা এই দিনে মহাদেবের আরাধনা করেন।