img


রাজ্যে রাজপরিবারের গড়ে তোলা মিশ্র সংস্কৃতির ধারক ও বাহক ছিলেন মহারাজা -মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ    আধুনিক ত্রিপুরার রূপাকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮ তম জন্মবার্ষিকী বুধবার। এই উপলক্ষে রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন বিজেপি রাজ্য দপ্তরে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, মেয়র দীপক মজুমদার সহ প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে উপস্থিত নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন ।এই অনুষ্ঠানে বলতে গিয়ে মহারাজার বিভিন্ন কার্যকলাপ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে তুমি ও আমি আমরা আলাদা এই মানসিকতা বা পরিস্থিতি তখনকার সময় ছিল না। জাতি, জনজাতি ,মনিপুরী, সংখ্যালঘু সবার উপস্হিতিতে ত্রিপুরায় একটা সুস্থ সংস্কৃতি ছিল। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর এই মিশ্র সংস্কৃতিকে মান্যতা দিয়েছিলেন। শুধু তাই নয়, এই সংস্কৃতির ধারক এবং বাহক ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর।