
আইনেট প্রতিনিধিঃ রাজধানীর বটতলা বাজার এলাকার সামান্য একটি স্টেশনারী দোকানের মালিক শাহজাহান মিয়া। তার বাড়ি রাজধানীর রামনগরের আখাউড়া রোড সংলগ্ন পিসি ইটভাট্টা সংলগ্ন এলাকায়। জানা গেছে হঠাৎ করেই কোটি কোটি টাকার মালিক বনে যান শাহজাহান। কয়েক কোটি টাকার বাড়ি, গাড়ি সম্পত্তি। এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস নিয়ে ব্যাপক সন্দেহ দেখা দিয়েছিল এলাকাবাসীর মধ্যেও। তবে সে ছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের রাডারের লেন্সে। সূত্রের খবর, বিদেশ থেকে কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার চোরা চালান রাজ্যে আমদানির মাস্টারমাইন হলো এই শাহজাহান মিয়া। এছাড়া বাংলাদেশ থেকে কাপড়ের চালান, এপাড় থেকে বাংলাদেশে ফেন্সির চালান সহ বিভিন্ন অবৈধ কার্যকলাপের অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। কিছুদিন আগে রাতের বেলায় বটতলা ফিটিং বাজারে ইডি আধিকারিকদের নজরদারি লক্ষ্য করা গেছে। যদিও এরপরেই সতর্ক হয়ে গিয়েছিল এই সকল চোরাকারবারিরা। এবার বুধবার সকালে তার দোকান এবং বাড়িতে একযোগে অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা এন্ডফোর্সম্যান ডাইরেক্টরেট। যদিও এখনো পর্যন্ত তার বাড়ি এবং আখড়া থেকে কি কি পাওয়া গেছে তা স্পষ্ট হয়নি। এতটুকু জানা যাচ্ছে বিপুল পরিমাণ অবৈধ লেনদেনের নথিপত্র এবং বেআইনি সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারীরা। এই পরিমাণ সম্পত্তির উৎস কি তা জানতে শাহজাহান মিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা।