
আইনেট প্রতিনিধিঃ ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বুধবার গুর্খাবস্তি প্রজ্ঞা ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ড. কে. শশী কুমার ও অধিকর্তা শুভাশিস দাস।
অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি ‘সুপার ১০০’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও জনজাতি কল্যাণের বিভিন্ন প্রকল্প নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করা হয়। কৃতী জনজাতি শিক্ষার্থীদের পুরস্কৃত করার পাশাপাশি স্মার্ট ক্লাস প্রকল্পে শিক্ষাসামগ্রী বিতরণ এবং ‘Clean Hostel Green Hostel’ কর্মসূচিতে সেরা ছাত্রাবাস ও ছাত্রীনিবাসকে পুরস্কৃত করা হয়। এছাড়া মহারাজার জীবন ও কর্ম নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, জনজাতি শিক্ষার্থীদের ক্ষমতায়ন ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। মহারাজা বীর বিক্রমের শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়নে অবদান নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।