
আইনেট প্রতিনিধিঃ কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ১৮ আগস্ট রাত ২টা ৩২ মিনিট নাগাদ প্রায় ১০ থেকে ১৩ জনের একটি দল তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করে। বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ঘটনার বেশ কিছুটা অংশ ধরা পড়লে ক্যামেরাটি ভেঙে খুলে নিয়ে যায় বলে অভিযোগ। আইনজীবীর দাবি দেবার্চন তরফদার জানান, ক্যামেরাটি চুরি করার উদ্দেশ্য ছিল নাকি নিজেদের গতিবিধির প্রমাণ মুছে ফেলতেই সেটি সরিয়ে নেওয়া হয়েছে—তা তদন্তসাপেক্ষ। এর আগে ১৭ আগস্ট তাঁর বাড়ির পিছনের একটি বেড়া ভাঙার ঘটনাও ঘটে বলে অভিযোগ। পাশাপাশি বাড়িটি কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় সংলগ্ন হওয়ায় কলেজ চত্বরে পর্যাপ্ত সিসিটিভি নজরদারি না থাকা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবীর পরিবার। তাঁদের অভিযোগ, রাতে একাধিকবার থানায় ফোন করা হলেও দীর্ঘ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। তবে ঘটনার প্রকৃত কারণ ও অভিযুক্তদের পরিচয় এখনও নিশ্চিত নয়। এদিকে, ১৯ আগস্ট দুপুর ২টা নাগাদ আইনজীবীর পরিবারের পক্ষ থেকে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। এখন পুলিশের তদন্তেই স্পষ্ট হবে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং সিসিটিভি ক্যামেরা সরিয়ে নেওয়ার আসল উদ্দেশ্য কী ছিল।ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শহরবাসীর দাবি, ঘটনার দ্রুত তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।