img


বর্ধিত বিদ্যুৎ মাশুল নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার


আইনেট  প্রতিনিধিঃ   বর্ধিত বিদ্যুৎ মাশুল নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বর্ধিত বিদ্যুৎ মাসুলের ১০০ শতাংশ সরকার বহন করবে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় ।শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রী জানান, বর্তমান রাজ্য সরকার মানুষের হৃদয়ের কাছাকাছি থেকে কাজ করছে।মুখ্যমন্ত্রী চান রাজ্যের মানুষ যেন কষ্ট না পান ।মুখ্যমন্ত্রীর এই একটি বাক্য থেকেই বোঝা যায় বর্তমান সরকার সংখ্যার সরকার নয় ,সংবেদনশীল সরকার ,জনগণের সরকার ও গ্রাহক বান্ধব সরকার। সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের সিদ্ধান্ত ঘোষণা করে বিদ্যুৎ মন্ত্রী জানান, গৃহস্থালী, ছোট মাঝারি বড় সকল স্তরের ব্যবসায়ী এবং শিল্প পতিরাও এই সিদ্ধান্তের আওতায় থাকবেন ।অর্থাৎ সরকারের সাবসিডি পাবেন। তিনি আরো জানান ,এই ধরনের জনদরদী সিদ্ধান্ত এর আগে কোন সরকার গ্রহণ করেনি ।রাজ্যের ইতিহাসে এর প্রমাণ নেই।  উল্লেখ্য চলতি বছরের মে মাস থেকে বিদ্যুৎ নিগমের অনুমোদিত বর্ধিত বিদ্যুৎ মাসুল কার্যকর হয়। বর্ধিত বিদ্যুৎ মাসুল কার্যকর হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের মধ্যে বিক্ষোভ শুরু হয়। এই ক্ষোভের আগুন ধিকি ধিকি করে সর্বত্রই এখনো জ্বলছে। মানুষের এই ক্ষোভ প্রশমিত করতেই মুখ্যমন্ত্রী আগেই বিষয়টি নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন। সেই মতো এই সিদ্ধান্ত নেওয়া হল। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের ১০ লক্ষ ৬৮ হাজার বিদ্যুৎ গ্রাহকের ক্ষোভ যে কিছুটা প্রশমিত হবে তা বলাই বাহুল্য।