
আইনেট প্রতিনিধিঃ ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রথম পর্বের পর থেকেই ছবির পরবর্তী কিস্তি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। অয়ন মুখোপাধ্যায়ের এই ফ্যান্টাসি দুনিয়ায় এবার আরও বড় পরিসরে ফিরতে চলেছেন রণবীর কাপুর। তার সঙ্গে থাকছেন আলিয়া ভাটও । তবে এবার অভিনেত্রীর চরিত্রের ব্যাপ্তি অনেক কম হবে বলে জানা গেছে। ২০২৭ সালের এপ্রিল থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আলিয়া এ সিনেমার জন্য মাত্র ২৫ দিন শুটিং করবেন। সিনেমার মূল গল্প আবর্তিত হবে দেব ও অমৃতাকে ঘিরে। প্রথম কিস্তির শেষ দিকে তাদের অতীতের গল্পের আভাস দেওয়া হয়েছিল।
‘ব্রহ্মাস্ত্র ২’-এ রণবীর কাপুরকে দেব ও শিবা—দুই চরিত্রেই দেখা যেতে পারে। অন্যদিকে দীপিকা পাড়ুকোনকে দেবের স্ত্রী অমৃতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলে জানা গেছে।
তবে ‘ব্রহ্মাস্ত্র ৩’-এ আলিয়ার চরিত্রটি আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেখানে দীপিকার পাশাপাশি আলিয়াকেও সমান্তরাল প্রধান চরিত্রে দেখা যাবে বলে একটি বিনোদনবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে।