
আইনেট প্রতিনিধিঃ শনিবার কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস লিগাল ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস লিগাল ডিপার্টমেন্টের চেয়ারম্যান আইনজীবী হরে কৃষ্ণ ভৌমিক ,প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ,বিধায়ক তথা সি ডাব্লু সি সদস্য সুদীপ রায় বর্মন ,ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি বৃথা দেব পাল, বিধায়ক গোপালচন্দ্র রায় প্রমূখ। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, ত্রিপুরা প্রদেশ লিগাল ডিপার্টমেন্ট কে আরো শক্তিশালী এবং সংঘবদ্ধ করতে হবে। রাজ্যের প্রতিটি প্রশাসনিক জেলা ভিত্তিক কমিটি গঠন করে আইনজীবীদের প্যানেল তৈরি করে বঞ্চিত অত্যাচারিত ও লাঞ্ছিত মানুষের হয়ে কাজ করতে হবে ।জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিকে জনগণের সামনে তুলে ধরে দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে সোচ্চার হতে হবে। সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সি ডব্লিউ সি সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, বিজেপি জামানায় চারিদিকে লুটপাট চলছে। দেশের প্রগতি নির্ভর করে দেশের অর্থনীতির উপর ।এই অর্থনীতির উপর বারবার আঘাত হানা হচ্ছে। এর ফলে বিদেশী বিনিয়োগ কারীরা দেশ থেকে তাদের স্থাপন করা কলকারখানা গুলি বিদেশে নিয়ে গিয়ে ব্যবসা শুরু করেছে।