
আইনেট প্রতিনিধিঃ প্রয়াত ও প্রাক্তন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের রহস্য মৃত্যুর তদন্তের বিষয়টি সোমবার বিধানসভায় উত্থাপিত হয় ।কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সংশ্লিষ্ট বিষয়টি উত্থাপন করেন। তিনি দাবি করেন মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গিয়েছিলেন প্রয়াত প্রাক্তন ডিজিপি। বিধানসভায় এই সুইসাইড নোটটি উত্থাপনের দাবি জানান তিনি। বিষয়টি নিয়ে অধিবেশনে তুমুল হই হট্টগোল হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধ্যক্ষ রাম পদ জমাতিয়া ৩বার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে হই হট্টগোল না করার জন্য অনুরোধ জানান ।কিন্তু বিষয়টি নিয়ে জোরালো প্রতিবাদ জানাতেই থাকেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এই অবস্থায় অধ্যক্ষ রাম পদ জমাতিয়া আজকের জন্য কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে বিধানসভা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেন। শুধু তাই নয় ,তিনি মার্শাল ডেকে বিধায়ক সুদীপ রায় বর্মনকে সভাকক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। এদিন অধ্যক্ষের এই ঘোষণায় আরো উত্তেজনার সৃষ্টি হয় বিধানসভায়। কংগ্রেসের অপর বিধায়ক এবং বাম বিধায়করা ওয়েলে নেমে অধ্যক্ষ রামপদ জমাতিয়ার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।