
আইনেট প্রতিনিধিঃ গত বেশ কিছুদিন ধরে একের পর এক আন্দোলনের হুমকি দিয়ে আসছে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনগুলি। কিছুদিন আগে জঙ্গিদের একটি আত্মসমর্পণকারী গ্রুপ মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে কথা বলে তাদের ঘোষিত আন্দোলন সূচি প্রত্যাহার করে নিয়েছিল। এই ঘটনার ৭২ ঘণ্টা অতিক্রান্ত হতে না হতেই এবার জেএসি এবং জেএআরসি নামে দুটি জঙ্গি সংগঠন ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে। মূলত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বরের ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়িত না হওয়ার অভিযোগ এনে এই আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। তাদের অভিযোগ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সাথে তাদের যে চুক্তি হয়েছিল তার মধ্যে কিছু কিছু পুরন হলেও অনেক চুক্তি এখনো পূরণ হয়নি। এই অবস্থায় ৪ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৭২ ঘণ্টা রাজ্য বন্ধের ডাক দিল এই দুটি আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন। বড়মুড়ায় জাতীয় সড়ক, ভৃগুদাসে রেলপথ এবং খোয়াই চৌমুহনীতে জাতীয় সড়ক অবরোধ হবে বলে জানিয়েছেন প্রাক্তন জঙ্গিরা। সাংবাদিক সম্মেলন উপস্থিত দুটি সংগঠনের কনভেনার জীবন জয় রিয়াং বলেন সরকারের সাথে আলোচনা যদি হয়, তবে অবরোধের ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য চলবে এই বন্ধ। সেই বন্ধ চলাকালীন যদি প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের চাপ সৃষ্টি করা হয় তবে তার পরিণতি ভয়াবহ হবে। এরজন্য রাজ্য সরকার দায়ী থাকবে।