
আইনেট প্রতিনিধিঃ ফের অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ল আসাম-আগরতলা জাতীয় সড়ক। রাজ্যের আত্মসমর্পণকারী বৈরী সংগঠন NLFT (ORI), NLFT (PD) এবং ATTF-এর যৌথ উদ্যোগে মোট ১১ দফা দাবির ভিত্তিতে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে ৭২ ঘণ্টার জাতীয় সড়ক অবরোধ।
এদিন ভোর থেকেই বড়মুড়া চন্দ্র সাধুপাড়া এলাকায় সংগঠনগুলির কর্মী-সমর্থকরা জাতীয় সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণের দাবিতে তাঁরা সড়কে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ সময় ধরে জাতীয় সড়ক অবরোধ থাকায় ওই সড়ক দিয়ে যান চলাচল কার্যত ব্যাহত হয়েছে। ফলে যাত্রীবাহী যানবাহন থেকে শুরু করে পণ্যবাহী গাড়ি—বিভিন্ন যানবাহন আটকে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যায়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অবরোধকারীদের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে আলোচনা ও পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
অন্যদিকে, ৭২ ঘণ্টার এই অবরোধ কর্মসূচির কারণে জাতীয় সড়কে দীর্ঘ যানজট তৈরি হলে তার প্রভাব রাজ্যের বিভিন্ন প্রান্তে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আন্দোলনকারীরা তাঁদের ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার অবস্থানে রয়েছেন। ফলে আগামী ৭২ ঘণ্টায় পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের।