
আইনেট প্রতিনিধিঃ পবিত্র জন্মাষ্টমীর শুভ তিথিতে আমবাসাস্থিত রামকৃষ্ণ সেবাসদন প্রাঙ্গণে সাড়ম্বরে অনুষ্ঠিত হল দেবী দুর্গার কাঠামো খিলি অনুষ্ঠান।। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পূজার্চনার মধ্য দিয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। এদিন সকাল থেকেই রামকৃষ্ণ সেবাসদন প্রাঙ্গণে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্ধারিত নিয়ম-নীতি ও ধর্মীয় রীতিনীতি মেনে পূজার্চনা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী দুর্গার কাঠামো পূজা সম্পন্ন হয়। পুজোকে কেন্দ্র করে সেবাসদন প্রাঙ্গণে এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।রামকৃষ্ণ সেবাসদনের কমিটির সদস্য সিদ্ধার্থ চক্রবর্তী, চেতন চন্দ্র বিশ্বাস ও জীবানন্দ দেব জানান, প্রতি বছরের মতো এ বছরও দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে রামকৃষ্ণ সেবাসদনের পক্ষ থেকে বিভিন্ন জনকল্যাণমূলক ও সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।তাঁরা জানান, দুর্গোৎসব উপলক্ষে সেবাসদনের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ, বসে আঁকো প্রতিযোগিতা-সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করা হবে। উৎসবের আনন্দ যাতে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কাঠামো পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রস্তুতি আগামী দিনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে আরও বিস্তৃত হবে বলে জানান সেবাসদনের কর্মকর্তারা। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ইতিমধ্যেই আমবাসায় উৎসবের আবহ তৈরি হতে শুরু করেছে।