img


স্বপ্না ফাউন্ডেশন রিহ্যাব সেন্টারে খুনের অভিযোগ, গ্রেফতার ৮


আইনেট  প্রতিনিধিঃ    আগরতলা রামনগরের স্বপ্না ফাউন্ডেশনরিহ্যাব সেন্টারে তুহিন শুভ্র ভট্টাচার্য নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় খুনের অভিযোগে মোট ৮ জনকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন রিহ্যাব সেন্টারটির কর্ণধার শুভম বিশ্বাস।

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানান এনসিসি থানার ওসি পরিতোষ দাস। তিনি জানান, রিহ্যাব সেন্টারের ভিতরে তুহিন শুভ্র ভট্টাচার্যকে প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর বিষয়টি নিয়ে মৃতের স্ত্রী সাধনা দাস ভট্টাচার্য গত ১৬ আগস্ট এনসিসি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, ‘স্বপ্না ফাউন্ডেশনরিহ্যাব সেন্টারের ভিতরেই তাঁর স্বামীকে মারধর করে হত্যা করা হয়েছে।

অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করে এনসিসি থানার পুলিশ। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখার পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তিদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয়। একইসঙ্গে মৃত তুহিন শুভ্র ভট্টাচার্যের ময়নাতদন্তের রিপোর্টও হাতে পায় পুলিশ।

পুলিশের তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিহ্যাব সেন্টারের কর্ণধার শুভম বিশ্বাস-সহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে এনসিসি থানার পুলিশ।

ওসি পরিতোষ দাস জানান, শনিবারই ধৃত ৮ জনকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। ঘটনার প্রকৃত কারণ, কীভাবে এবং কারা এই মারধরের সঙ্গে জড়িত ছিলতা জানতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

রিহ্যাব সেন্টারের ভিতরে এই মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্তের পরই ঘটনার সম্পূর্ণ রহস্য আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।