img


বকেয়া মহার্ঘ ভাতার কিছুটা দেওয়া হবে ,বাকি অংশ অষ্টম পে কমিশনের সাথে যুক্ত করা হবে -অর্থমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ   বকেয়া মহার্ঘ ভাতার পুরোটাই একসাথে পাচ্ছেন না কর্মচারীরা। কিছুটা অংশ দেওয়া হবে। বাকিটা এডজাস্ট করা হবে অষ্টম বেতন কমিশনের সাথে ।এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনটাই জানান অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। অর্থমন্ত্রী জানান, কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান করার সদিচ্ছা রাজ্য সরকারের ছিল বলেই ৩৯ শতাংশ দিয়ে দেওয়া হয়েছে ।তবে এখনো বকেয়া রয়েছে ১৯ শতাংশ মহার্ঘ ভাতা। বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের সদিচ্ছা রাজ্য সরকারের রয়েছে। কিন্তু পাশাপাশি রয়েছে অর্থনৈতিক সমস্যাও। এই সমস্যা থেকে উত্তরণের জন্য সঠিক পথে এগিয়ে চলছে সরকার। অর্থমন্ত্রী আরো জানান ,দেশের মাত্র দু একটি রাজ্য অষ্টম বেতন কমিশন গঠন করেছে ।বাদবাকি রাজ্য গুলি এখনও সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে রয়েছে। প্রতিটি রাজ্য দেখছে কেন্দ্রীয় সরকার কি নীতি গ্রহণ করে তার উপর । ত্রিপুরা সরকারও সেই দিকেই তাকিয়ে রয়েছে। অর্থমন্ত্রী জানান ,কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করলে পরে রাজ্য সরকারও করবে ।এই নিয়ে যাবতীয় পরিকল্পনা গ্রহণ করে ফেলেছে রাজ্য সরকার। শুধুমাত্র বিচক্ষণ একজনকে চেয়ারম্যান পদের জন্য খুঁজছে সরকার ।মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই দায়িত্বে রয়েছেন। যোগ্য লোক পেলেই রাজ্যে কমিশন গঠন করা হবে । কমিশনের নিকট ডি এ'র বিষয়টি উত্থাপন করা হবে, ফিটম্যানের একটি বিষয় রয়েছে ,তাও উত্থাপন করা হবে। রাজ্যের আর্থিক অবস্থাও কমিশনের কাছে তুলে ধরা হবে। অর্থমন্ত্রী আরো জানান ,এই পরিস্থিতিতে ডিএ প্রধান নিয়ে বলার মত অবস্থায় নেই। তাই বলবো না ।তার মানে এই নয় যে ,এটা হবে না ।মহার্ঘ ভাতা প্রদান করা হবে। তবে সবটাই একসাথে নয়। কিছুটা দেওয়া হবে ,আর বাকিটা পে কমিশনের সাথে যুক্ত করে দেওয়া হবে।