
আইনেট প্রতিনিধিঃ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রক্ত ঝরলো মোহনপুর মহকুমার হেজামারা ব্লকের সামনে। একদল দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত হলেন আইপিএফটি দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। ঘটনা মঙ্গলবার বিকেলে ।সেই সময় আইপিএফটি দলের প্রার্থীরা নমিনেশন দাখিলের জন্য ব্লকের ভেতরে ছিলেন। বাইরে আরও দু একজনের সাথে অপেক্ষা করছিলেন দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। ঘটনাস্থলে পুলিশও ছিল । এই সময় হঠাৎ করে একদল উত্তেজিত জনজাতি যুবক আইপিএফটি সাধারণ সম্পাদক স্বপন দেববর্মাকে ঘিরে ধরে এবং গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ জানাতেই দুষ্কৃতিকারীরা স্বপন দেববর্মার উপর হামলা চালায় ।এতে তার মাথা ফাটে,শরীরের বিভিন্ন স্থানেও আঘাত লাগে। স্থানীয়রা তাকে তড়িঘড়ি উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠান।। বুধবার সকালে আহত এবং চিকিৎসাধীন আইপিএফটি সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা কে দেখতে জিবি হাসপাতালে ছুটে যান তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি আহত স্বপন দেববর্মার সাথে কথা বলেন ।তার শারীরিক অবস্থা এবং চিকিৎসা পরিষেবার খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানান বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি জানান ,ঘটনার সময় সামনেই পুলিশ ছিল। কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। বিধায়ক প্রশ্ন তোলেন, এমন হলে পরে পুলিশ রাখা হলো কেন। তিনি আরো জানান , তিপ্রা মথা সুশৃংখল দল ।এই দলের কেউ এই হামলার সাথে জড়িত নয়।ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চলছে ।তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি জানান বিধায়ক রঞ্জিত দেববর্মা।