
আইনেট প্রতিনিধিঃ রাতের আঁধারে অসহায় এক চানাচুর ব্যবসায়ীর দোকান থেকে বাসনপত্র চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চোরের দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আগরতলার জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায়। ঘটনাটি পশ্চিম থানায় জানানো হলেও এখনও পর্যন্ত পুলিশ কোনও কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ ব্যবসায়ীর।
জানা যায়, জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী পূজাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে মেলা চলছে। মেলায় ব্যবসা করার উদ্দেশ্যে বহু ছোট-বড় ব্যবসায়ী দোকান নিয়ে বসেছেন। তাঁদের মধ্যে এক অসহায় চানাচুর ব্যবসায়ীও অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু রাতে দোকানে থাকার ব্যবস্থা না থাকায় সেই সুযোগেই চোরের দল তাঁর দোকানে ঢুকে বাসনপত্রসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ।
অল্প পুঁজি নিয়ে কিছু উপার্জনের আশায় মেলায় ব্যবসা করতে এসেছিলেন ওই ব্যবসায়ী। কিন্তু চুরির ঘটনায় তাঁর ব্যবসার সমস্ত পরিকল্পনা ভেস্তে গেছে। বর্তমানে চুরি যাওয়া সামগ্রী ফিরে পাওয়া এবং ঘটনার তদন্তের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
এদিকে, মেলার মতো জনবহুল এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অসহায় ব্যবসায়ীর অভিযোগ, থানায় বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।