
আইনেট প্রতিনিধিঃ শুক্রবার ১১ সেপ্টেম্বর, নেশনস ফরেস্ট মার্টার্স ডে বা জাতীয় বন শহীদ দিবস। এর নেপথ্যে একটি মর্মান্তিক কাহিনী রয়েছে, যা প্রায় ৩০০ বছরের পুরনো। রাজস্থানের একটি গ্রামে ১৭৩০ সালে এই দিনেই গাছ রক্ষা করতে গিয়ে গ্রামের সাহসী নারী অমৃতা দেবী বিষ্ণোই- এর নেতৃত্বে ৩৬৩ জন গ্রামবাসী শহীদ হয়েছিলেন। রাজার সেনাবাহিনী রাজার আদেশ পালন করতে গিয়ে তাদের প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করেছিল। এই মর্মান্তিক ঘটনাটি দেশের ইতিহাসে খেজার্লি গণহত্যা নামে অভিহিত। এই দিনটিকে স্মরণ রাখতে ২০১০ সাল থেকে প্রতিবছর কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ১১ সেপ্টেম্বর দিনটিকে জাতীয় বন শহীদ দিবস হিসেবে পালন করে আসছে। এদিন বন সুরক্ষায় শহীদ হওয়া বনকর্মীদের শ্রদ্ধা জানানো হয়। জাতীয় বন শহীদ দিবস উদযাপন উপলক্ষে এদিন রাজধানীর শালবাগানস্থিত অক্সিজেন পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। উপস্থিত বনমন্ত্রী এবং অন্যান্য আধিকারিকরা এই অনুষ্ঠানে বন সুরক্ষা করতে গিয়ে রাজ্যের শহীদ বন কর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই অনুষ্ঠান প্রসঙ্গে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, বন সুরক্ষা করতে গিয়ে রাজ্যের অনেক বন কর্মী মারা গেছেন ।এই অনুষ্ঠানে সেই সমস্ত শহীদ বন কর্মীদের শ্রদ্ধা জানানো হয় ।পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের সম্মান জ্ঞাপন করা হয় ।তিনি বলেন ,বন সুরক্ষা কেবলমাত্র বন দপ্তরের কাজই নয়। বন সুরক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা আমাদের সকলের কাজ। এই দিনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ,আমরা কাজ করবো এবং বনকে রক্ষা করব।