
আইনেট প্রতিনিধিঃ রাজধানীর নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র তথা এনএসআরসিসিতে নেতাজী সুভাষ চন্দ্র বসু এবং যুব নায়ক স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তির আবরণ উন্মোচন হলো। রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান উপলক্ষে এদিন এনএসআরসিসির জিমনাসিয়াম হলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দেশের দুই মনীষীর মর্মর মূর্তির আবরণ উন্মোচন এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, নেতাজি সুভাষ চন্দ্র বসুর অসীম সাহস এবং দেশপ্রেম সম্পর্কে আমাদের আর বলার কিছুই নেই ।এই উদাহরণ আমাদের উৎসাহিত করে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর নেতৃত্ব ,দৃঢ় সংকল্প, স্বাধীনতার জন্য ত্যাগ আজও আমাদের অনুপ্রাণিত করে। তার সম্পর্কে আমরা যত বেশি জানব ততই সঠিক দিশায় আমরা এগিয়ে চলতে পারবো। মুখ্যমন্ত্রী আরও বলেন ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চান আমাদের আগামী প্রজন্ম সঠিক দিশা এবং সঠিক মার্গ দর্শনে এগিয়ে চলুক।