img


ঊনকোটি জেলার ফটিকরায়ে রক্তদান শিবিরের আয়োজন করল বিজেপির যুব সংগঠন যুব মোর্চার ঊনকোটি জেলা কমিটি।


 আইনেট  প্রতিনিধিঃ         আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তার আগে সেবামূলক কর্মসূচিতে নেমেছে শাসকদল বিজেপি। এই উপলক্ষে ঊনকোটি জেলার ফটিকরায়ে যুব মোর্চার উদ্যোগে হয় রক্তদান শিবির।     ফটিকরায় বাজার সেডে আয়োজিত শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস।     উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, যুব মোর্চার প্রদেশ সহ-সভাপতি বীরেশ দেববর্মা, বিজেপির ঊনকোটি জেলা সভাপতি বিমল কর, জেলা যুব মোর্চার সভাপতি প্রণব চৌধুরী-সহ দলীয় নেতৃত্বরা।  ফটিকরায়, পেঁচারথল, পাবিয়াছড়া, কৈলাশহর ও চণ্ডীপুর মণ্ডলের যুব কর্মীরা রক্তদান করেন এদিনের শিবিরে। মোট ৪৮ জন যুবকর্মী এদিন স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে।   আলোচনা করতে গিয়ে রক্তদানের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতি হলেও কৃত্রিম রক্তের বিকল্প এখনো তৈরি হয়নি গোটা বিশ্বে। তাই একজনের দান করা রক্তই অন্য একজনের জীবন বাঁচাতে অন্যতম ভরসা জোগায় বর্তমান সময়েও।  রাজ্যের বিভিন্ন প্রান্তে এভাবেই শাসক দল কিংবা বিরোধী দল এমনকি বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের তরফেও প্রতিনিয়ত আয়োজন হয় এমন রক্তদান শিবিরের।   কিন্তু রক্তদানের এমন একাধিক উদ্যোগের পরও রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে মাঝেমধ্যেই দেখা দেয় রক্তের সংকট। অভিযোগ, জরুরি সময়ে রক্তের অভাবে সমস্যায় পড়তে হয় রোগী ও তাঁদের পরিজনদের। এমনকি রক্তের সংকটে প্রাণ‌ও হারাতে হয় অনেক রোগীকে।